চট্টগ্রামে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আইএলও’র যৌথ উদ্যোগে শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রম মানদণ্ড কর্মসূচি ২০২৫ এর ঘোষণা।
প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) একসাথে ‘লেবার ল’ এন্ড ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস (আইএলএস) প্রোগ্রাম ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। ২৮ থেকে ৩০ আগস্ট ২০২৫ প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এই বিশেষ একাডেমিক কর্মসূচির মাধ্যমে আংশগ্রহণকারীদেরকে শ্রম আইন, আইনগত নিয়মাবলী এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড সম্পর্কে ট্রেনিং প্রদান করা হবে। ২০২৪ সালে ঢাকায় সফলভাবে উক্ত বিষয়ে ট্রেনিং অনুষ্ঠিত হওয়ার পর আইএলও’ ২০২৫ সালে এই কর্মসূচির আওতায় অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির নিমিত্তে প্রিমিয়ার ইউনিভার্সিটিসহ উক্ত আয়োজনের ঘোষণা দিয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ এবং আইএলও’র মধ্যে ইতিপূর্বে শ্রম আইনের কারিকুলাম উন্নয়ন বিষয়ে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে, যা এই উদ্যোগে দুটি প্রতিষ্ঠানকে একসাথে কাজ করার অনুঘটক হিসেবে কাজ করছে।
এই কর্মসূচির প্রস্তুতির জন্য আইএলও বাংলাদেশ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের মধ্যে ভার্চুয়াল সমন্বয় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে উক্ত সভায় উপস্থিত ছিলেন আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, বিভাগের সভাপতি এবং সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিল্লোল সাহা। আইএলও প্রতিনিধিদলে ছিলেন চীফ টেকনিক্যাল কর্মকর্তা চায়ানিচ থমপরিপাত্রা, প্রোগ্রাম অফিসার ইস্তিয়াক আহমেদ ইনাম এবং রকিবুল হাসান। কর্মসূচিতে চট্টগ্রামের শ্রম আইনের শিক্ষক, আইনজীবী ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন এবং আন্তর্জাতিক ও জাতীয় বিশেষজ্ঞরা শ্রম আইন, সমঝোতা প্রক্রিয়া, সম্মিলিত আলোচনা এবং সামাজিক সংলাপের মতো বিষয়ে ট্রেনিং প্রদান করবেন ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি চট্টগ্রাম অঞ্চলের শ্রম আইনের শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় ভালো উদ্যোগকে উৎসাহিত করে এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত মানদণ্ড অর্জনে সচেষ্ট । ভবিষ্যতেও আইএলও-র সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই অঞ্চলে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রিমিয়ার ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই কর্মসূচিতে (ট্রেনিং)-এ অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আইএলও বাংলাদেশ’র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৯ আগস্ট ২০২৫।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা’ ।