প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলবি (অনার্স) ৫৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার দুপুর ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইন অনুষদের সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী। আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং ৫৯তম ব্যাচের উপদেষ্টা সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে আইন বিভাগের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৫ জন নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে সৈয়দা তাহিরা তাসকিন, সাদিয়া আফরোজ দিশা ও তাসমিয়া নাওয়ার তাদের অনুভূতি প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমরাও ওরিয়েন্টেশন পেয়েছিলাম। তা অনেককাল আগের কথা। আজ তোমরাও প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন পাচ্ছ। তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য এই যে, তোমরা বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে আজ অনেক সুযোগ-সুবিধা পাচ্ছ, যা আমরা পাইনি।”
তিনি আরও বলেন, “আমি চাই, তোমরা ভবিষ্যতে আইনজীবী হয়ে আইনকে মানবতার কল্যাণে প্রয়োগ করবে। তোমাদের অধ্যয়ন যাতে যথাযথ হয়, সেজন্য প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি সকল সহযোগিতা অব্যাহত রাখব।” এ সময় তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান বলেন, “প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের অর্জন বাংলাদেশে অসামান্য ও অনন্যসাধারণ। সুতরাং তোমরা এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করেছ। আমি মনে করি, তোমরা এই বিভাগ থেকে আইন শিক্ষা গ্রহণ করে মানবিক গুণাবলিসম্পন্ন আইনজীবী হবে।”
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট নিয়ে আলোচনা করেন।
স্বাগত বক্তব্যে জনাব তানজিনা আলম চৌধুরী বলেন, “আজ থেকে তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের অংশ।”
সভাপতির বক্তব্যে আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ রাজীব চৌধুরী ও হুমায়রা নওশীন ঊর্মি; সহকারী অধ্যাপক ফাহমিদা কাদের, ফরিদউদ্দিন আহমদ, ইয়াসমিন ফারজানা, তাহমিনা সানজিদা সাহীদ ও সুরিনা তারজিদ; প্রভাষক মেহেরুন্নেসা বেগমসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম